ব্রেকিং নিউজ
হোম chevron_right আন্তর্জাতিক chevron_right যুক্তরাষ্ট্রে আটক ৩০ ভারতীয় ট্রাকচালককে ফেরত পাঠানো হচ্ছে …
আন্তর্জাতিক ১১১ দিন আগে

যুক্তরাষ্ট্রে আটক ৩০ ভারতীয় ট্রাকচালককে ফেরত পাঠানো হচ্ছে নিজ দেশে

person
আরটিডি নিউজ ডেস্ক
schedule 03 জুন 2026, 4:05 অপরাহ্ন
visibility ১১২ বার পড়া হয়েছে
menu_book ১ মিনিটে পড়া যায়
যুক্তরাষ্ট্রে আটক ৩০ ভারতীয় ট্রাকচালককে ফেরত পাঠানো হচ্ছে নিজ দেশে
ছবি: আরটিডি নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস এবং বাণিজ্যিক ট্রাক চালানোর অভিযোগে ৩০ জন ভারতীয় নাগরিকসহ মোট ৩৬ জন বিদেশিকে আটক করেছে মার্কিন ফেডারেল কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) জানায়, গত ১১ থেকে ১৫ মে পর্যন্ত অ্যারিজোনার ইউমা সেক্টরে ‘অপারেশন চেকমেট’ নামে একটি অভিযান পরিচালিত হয়। এই অভিযানে অবৈধভাবে অবস্থানকারী মোট ৫২ জনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে ৩৬ জন বাণিজ্যিক ট্রাকচালক হিসেবে কাজ করছিলেন।

আটক ট্রাকচালকদের মধ্যে ৩০ জন ভারতীয়, বাকি ৬ জন মেক্সিকো, এল সালভাদর ও রাশিয়ার নাগরিক বলে জানা গেছে। তাদের অনেকের কাছেই ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, ওয়াশিংটন ও ভার্জিনিয়ার মতো অঙ্গরাজ্য থেকে ইস্যুকৃত বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। তবে কিছু ব্যক্তির কোনো বৈধ লাইসেন্স ছিল না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

মার্কিন কর্তৃপক্ষের মতে, অধিকাংশ আটক ব্যক্তির কাছে কর্মসংস্থান অনুমোদনের নথি ছিল, যা পূর্ববর্তী প্রশাসনের সময়ে ইস্যু করা হলেও ইতোমধ্যে মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। ফেডারেল আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং শিগগিরই তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

সিবিপি জানিয়েছে, ‘অপারেশন চেকমেট’-এর মূল লক্ষ্য হলো অবৈধভাবে অবস্থানকারী এবং বাণিজ্যিক যানবাহন চালানো ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের শনাক্ত করে জননিরাপত্তা নিশ্চিত করা।

ইউমা সেক্টরের ভারপ্রাপ্ত প্রধান প্যাট্রোল এজেন্ট ডাস্টিন কডল বলেন, এই অভিযান যুক্তরাষ্ট্রের সড়ক ও জননিরাপত্তা রক্ষায় ফেডারেল বাহিনীর অঙ্গীকারের অংশ। তিনি জানান, অবৈধ চালকদের কারণে সম্ভাব্য দুর্ঘটনা প্রতিরোধ করাই তাদের প্রধান উদ্দেশ্য।

এদিকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক যানবাহন দুর্ঘটনায় কিছু ভারতীয় বংশোদ্ভূত ট্রাকচালকের গ্রেপ্তারের ঘটনাও আলোচনায় এসেছে। কর্তৃপক্ষ বলছে, ভবিষ্যতে অযোগ্য বিদেশি চালকদের লাইসেন্স প্রদানের ক্ষেত্রে আরও কঠোর নীতি অনুসরণ করা হবে।

share শেয়ার করুন

Facebook X / Twitter